জাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রভোস্টের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন।

এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যর প্রতিক্রিয়ায় রবিবার রাত ১০টার দিকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করে ফোন তল্লাশি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি খবর জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে প্রাধ্যক্ষকে হলের সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ জানান আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। 

রাত দেড়টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলটি রাত সোয়া ২টার দিকে ফের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের জামায়াত-শিবির আখ্যা দেন এবং নারী শিক্ষার্থীদের গালাগাল করেন।

রাত পৌনে ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা হলের ফটকে গেলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ৪৬তম ব্যাচের শিক্ষার্থী প্রাচুর্যসহ বেশ কয়েকজন হামলা করেছেন।

ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিহা। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তাও আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার ছাত্রলীগ নেতাকর্মীদের উস্কে দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পরে শিক্ষার্থীদের তোপের মুখে হলের প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *