নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ছাঁটাই বন্ধ ও লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেয়ার দাবিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শহরের চাষাঢ়া এলাকা সংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকার রফতানিমুখী পোশাক কারখানা ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডে প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। গত ১১ ফেব্রুয়ারি বকেয়া বেতন, ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাংচুর করেন শ্রমিকরা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত ২৮ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করে। এরপর থেকে শ্রমিকরা মামলা প্রত্যাহার ও ছাঁটাইকৃতদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গত রোববার রাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে মালিক পক্ষ। প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওই পোশাক কারখানার সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন, কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। মাস্তানদের দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা মামলা প্রত্যাহার পুলিশি ও মাস্তানদের দ্বারা হয়রানি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় ২ শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।

তিনি আরও বলেন, সেই সাথে ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে। আজকে হঠাৎ করেই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকদের দাবি কারখানা খুলে দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে। ঝুট সন্ত্রাসী দ্বারা ভয়-ভীতি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গার্মেন্টসে ভাঙচুরের ঘটনায় গার্মেন্টস মালিক ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছে। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *