সহিংস আক্রমণ থেকে বিক্ষোভকারীদের রক্ষার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ বাংলাদেশে ছাত্র বিক্ষোভের দিকে কড়া নজর রাখছে। প্রতিষ্ঠানটি বিক্ষোভকারীদের ওপর আক্রমণ বন্ধ ও তাদের রক্ষার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংএ জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই আহ্বান জানান মুখপাত্র স্টিফান ডুজারিক।

বিক্ষোভে অংশ নেয়া ছাত্র, শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষার তাগিদ দিয়ে এই মুখপাত্র বলেন, জাতিসংঘ খুব ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ করেছে।

ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশে সরকারি সিভিল সার্ভিসে কোটাপদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে। আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালিয়েছে সরকারের জঙ্গি সংগঠন ছাত্রলীগসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভে হামলায় এ পর্যন্ত ৬ শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত?

জবাবে মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সজাগ রয়েছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি। আমি মনে করি, বাংলাদেশে হোক বা বিশ্বের যেকোনো স্থানে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে যেকোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাই । শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ নিশ্চিত করতে হবে। বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন–ছাত্র, যুবক, শিশু এমনকি প্রতিবন্ধী, যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন একটি মৌলিক মানবাধিকার এবং সরকারকে সেই অধিকারগুলোর সুরক্ষা দিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *