অপরাধে জড়িত না থাকলে প্রত্যেকের গেজেট হওয়া উচিত: কাঞ্জিলাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

পিএসসির সুপারিশের পরও বাদপড়া প্রার্থীদের গেজেট প্রকাশের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা (অর্থনীতি) ও সরকারি খাতের গবেষক কাঞ্জিলাল রায় জীবন। একই সঙ্গে তিনি ৪৩তম বিসিএসে পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া ৬৫ জনের বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে কাঞ্জিলাল রায় জীবন বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকলে প্রত্যেকের গেজেট হওয়া উচিত।’

পোস্টে তিনি আরও বলেন, ‘তবে সরকারের সংশ্লিষ্টদের একই সাথে প্রশ্ন করতে চাই ইন্টেরিমের আমলে ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ৬৫ জনের অপরাধটা কী?’

তিনি জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সচিবের কাছে তাদের একাধিক আবেদন রয়েছে। পাশাপাশি সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও আমলাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎও করেছেন তারা। এরপরও কোন কারণে তাদের গেজেটভুক্ত করা হচ্ছে না, তা তাদের কারও বোধগম্য নয় বলে উল্লেখ করেন কাঞ্জিলাল।

পোস্টের সঙ্গে তিনি ‘পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী’ এই শিরোনামে একটি প্রতিবেদনও শেয়ার করেন। 

প্রতিবেদন অনুযায়ী, পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি। ফলে ৬৫৭ জন থাকেন। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্য, প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

তিনি বলেন, একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন এবং তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করা হয়।

বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ওই ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

হকার উচ্ছেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকারদের ডিসিপ্লিনে আসতে হবে। নাগরিকদের সমস্যার বিষয়টি মাথায় রেখেই অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে বেকার করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। যেখানে অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসে পিএসসির সুপারিশপ্রাপ্ত ২২৭ জনের মধ্যে ২০২৫ সালের মে মাসে ১৬২ জনকে গেজেটভুক্ত করা হলেও ৬৫ জন তখনও গেজেটের বাইরে ছিলেন। বিষয়টি নিয়ে ওই প্রার্থীরা দীর্ঘদিন ধরে গেজেটভুক্তির দাবি জানিয়ে আসছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর