অব্যবস্থাপনায় দায়ী প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:০২ পিএম

নৌপরিবহন মন্ত্রনালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, কর্মক্ষেত্রে কোনো ধরনের অব্যবস্থাপনা, দুর্ঘটনা কিংবা জটিলতা সৃষ্টি হলে সবার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এটি প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পাশাপাশি যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতে অনেক সময় নিচের পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। এবার সে সুযোগ থাকবে না।

গতকাল বৃহস্পতিবার (২১ মে)  নৌপথে ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষ যেন নিরাপদে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন, সে লক্ষে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ঘাট এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ফেরিতে ওঠা-নামার আগে যাত্রীদের বাস থেকে নামানো বাধ্যতামূলক করা। যদিও এটি কিছুটা কষ্টসাধ্য, তারপরও যাত্রীদের সচেতন করতে মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, ফেরিঘাটে স্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে, যাতে ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন প্রবেশ করতে না পারে।

রাজিব আহসান বলেন, লঞ্চ ও স্পিডবোট চলাচলও একটি নীতিমালার আওতায় আনা হবে, যাতে তারা আরও সতর্কতার সঙ্গে চলাচল করে এবং ফেরি চলাচল স্বাভাবিক থাকে। ঈদের আগে গার্মেন্টস ছুটি হলে ঘাটে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সেই বিষয়টি বিবেচনায় রেখে পাটুরিয়া ১ ও ২ নম্বর ফেরিঘাট প্রস্তুত রাখা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে লঞ্চ চলাচলে সমস্যা হলে ফেরির মাধ্যমে যাত্রী পারাপারের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। একই সঙ্গে সাধারণ মানুষের প্রতি সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রেই যাত্রীরা নিয়ম-কানুন মানতে চান না। কিন্তু নিজেদের নিরাপত্তার স্বার্থেই সবাইকে নির্দেশনাগুলো মেনে চলতে হবে। তাহলেই যাত্রা হবে ঝুঁকিমুক্ত ও স্বস্তিদায়ক।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা, ডিজি শিপিং কমোডর শফিউল বারী, বিআইডব্লিউটিসি কারিগরি পরিচালক ক্যাপ্টেন অশিমুজ্জামান, নৌ-পুলিশ সুপার রবিউল ইসলাম, শিবালয় ইউএনও মনিষা রানী কর্মকার, ডিজিএম আব্দুল সালাম, আরিচা বন্দর কর্মকর্তা সুব্রত রায়সহ বিভাগীয় কর্মকর্তা ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন