দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং অগ্রগতির পথে এগিয়ে নিতে স্বচ্ছ আর্থিক তথ্য ও নির্ভরযোগ্য অডিটিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং ভুয়া আর্থিক প্রতিবেদনের কারণে দেশের ব্যাংকিং খাত আজ চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
বুধবার (২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত ‘ফার সামিট ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
তিতুমীর বলেন, অডিট ফার্মগুলো কোনোভাবেই শুধু তাদের ক্লায়েন্টের স্বার্থ রক্ষাকারী হতে পারে না। বরং বিনিয়োগকারী ও সাধারণ মানুষের প্রতি তাদের জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স ও নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা নিশ্চিত করা না গেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে না।
আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ইচ্ছাকৃত ভুল আর্থিক প্রতিবেদন এবং ম্যানিপুলেটেড ভ্যালুয়েশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে পূর্ণ প্রশাসনিক স্বাধীনতা দেওয়া হয়েছে।
শেষে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে ফিরতে হলে স্বচ্ছ আর্থিক তথ্য, নির্ভরযোগ্য অডিট এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার কোনো বিকল্প নেই।
