আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের প্রতিবাদ খেলাফত মজলিসের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। সংগঠনটি বলেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো আইনি বা সাংবিধানিক বৈধতা নেই। ক্রসফায়ারের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা মব জাস্টিসে উসকানি দেওয়ার সংস্কৃতি সভ্য সমাজে চলতে পারে না।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে আইজিপির দেওয়া বক্তব্যে তারা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

তারা বলেন, বাংলাদেশের আইন ও সংবিধানে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো বৈধতা নেই। প্রচলিত আইন অনুযায়ী, যেকোনো অপরাধের অভিযোগে একজন নাগরিকের আত্মপক্ষ সমর্থন এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

বিবৃতিতে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে তারা বলেন, আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো নির্বাহী সিদ্ধান্ত বা সরকারি অনুমোদনের মাধ্যমে এসব সাংবিধানিক অধিকার বাতিল বা স্থগিত করা যায় না। সরকারের প্রশাসনিক অনুমোদনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনি বৈধতা দিতে পারে না।

বিবৃতিতে আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

খেলাফত মজলিসের নেতারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদার তদন্ত, অপরাধী শনাক্তকরণ এবং প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার নিশ্চিত করাই প্রচলিত আইনি পদ্ধতি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির মতো বিষয় এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে এসব সমস্যার কারণে ক্রসফায়ারের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা মব জাস্টিসে উসকানি দেওয়ার সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিটি পাঠিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন