আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গণপূর্ত মন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আজ বুধবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর উপস্থিত ছিলেন। 

এর আগে তারা সচিবালয়ে গেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী আহম্মদকে স্বাগত জানান। পরে মতবিনিময় সভায় কর্মকর্তাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান জাকারিয়া তাহের।

মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল ও কর্মপরিধি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, মো. সারোয়ার আলম ও প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন