আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ এএম

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নজরুল ইসলাম (৬০), জসিম উদ্দিন (৫৫) ও আবুল কালাম (৬০)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নজরুল ইসলামকে ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দিনকে ১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবুল কালামকে একই দিন সকাল ৬টা ৫০ মিনিটে শার্শার যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, নজরুল ইসলাম শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন ভঙ্গের সঙ্গে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার (১ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর