রাজশাহীর কুমারপাড়া এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার কার্যালয়ের “শুভ উদ্বোধন” উল্লেখ করে একটি ব্যানার টানানো হয়। ব্যানারটি মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে লাগানো ছিল বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে রেখে যায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালেই বিষয়টি জানাজানি হলে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সেখানে নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। একপর্যায়ে তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ব্যানারটি রাতে টানানো হয়েছিল। তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
