আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি, মহাসড়ক অবরোধ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

নাটোরের বড়াইগ্রামের ‘বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনে’ রাতের আঁধারে গোপনে প্রায় ২ হাজার ৬০০ লিটার তেল বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটির স্বত্তাধিকারী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বর্তমানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ও দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও তেল না পেয়ে ভোক্তারা প্রতিবাদ জানিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে জানতে পেরে ইউএনও ফিলিং স্টেশনে যান। সেখানে তদন্তে জানা যায়, ওই ফিলিং স্টেশনে আগের ৭০০ লিটার পেট্রল মজুদ ছিল এবং গত ৬ এপ্রিল নতুন বরাদ্দের আরও তিন হাজার লিটার আনার পর মোট মজুদ দাঁড়ায় ৩ হাজার ৭০০ লিটার। কিন্তু ডেলিভারি মেশিনের নজেল নষ্ট দেখিয়ে ওই পেট্রোল সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি বন্ধ রাখে কর্তৃপক্ষ। সরকারি বিধি অনুযায়ী, উপজেলা প্রশাসনকে জানিয়ে ট্যাগ কর্মকর্তার তত্ত্বাবধায়নে তেল বিক্রি করতে হবে। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তা না করে মঙ্গলবার রাতে গোপনে এক সঙ্গে ২ হাজার ৬০০ লিটার পেট্রোল অন্যত্র বিক্রি করে দেয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার কারণে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েববিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেল নিয়ে কোনোরকম অবৈধ কারসাজি হলে প্রশাসন সেখানে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন