আগামী বছর হজের খরচ আরও কমানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম

বাংলাদেশে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিকটস্থ আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি হজযাত্রীদের সাথে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় হজযাত্রীরা দেশের বর্তমান সরকার প্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

হজযাত্রীদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের কষ্ট লাঘব করতে। এবার আমরা হজের মাশুল ১২ হাজার টাকা কমাতে পেরেছি। ইনশাআল্লাহ, আগামী বছর যারা হজে যাবেন, তাদের জন্য খরচ আরও কমিয়ে আনার চেষ্টা আমরা অব্যাহত রাখব।

প্রধানমন্ত্রীর এই ঘোষণায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং সমস্বরে ‘আলহামদুলিল্লাহ’ ধ্বনি দেন। 

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা দোয়া করবেন। দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন যাতে সবাই শান্তিতে থাকতে পারে।



প্রতিউত্তরে হজযাত্রীরাও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। তারা বলেন, আল্লাহ আপনাকে জান-মাল নিয়ে দেশের মানুষের সেবা করার তৌফিক দান করুন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আজ থেকেই শুরু হলো বাংলাদেশের হজযাত্রীদের যাত্রা। এ বছর আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন