আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রবিবারও ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ফ্লাইট বাতিলের ঘটনা টানা ৯ দিন ধরে চলছে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ রবিবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং সৌদিয়া এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে ওই দিন ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর জের ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন