‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’, লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের এমন একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়। এরপরেই ভিডিওটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি এই প্রতিবেদকের হাতে এসেছে। সেই ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কি কয়।’

ভিডিওতে আরও শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’

এরপর একটি কাজের মালামালের হিসাব নিয়ে বলা হয়, ‘তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।’ পরে পাঁচ কোটি টাকার মালামাল আত্মসাতের দাবি করে বলা হয়, ‘পাঁচ কোটি টাকা থেকে আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতেও দেখা গেছে পিডিবির ওই নির্বাহী প্রকৌশলীকে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে তিনি উপস্থিত এক ব্যক্তির উদ্দেশে বলেন, ‘এখানে কত?’ ওই ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার।’ নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫?’ ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’  

এদিকে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রকৌশলী মো. ছাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি কিছুই বলতেও পারব না। আমি অল্প কিছুদিন হলো জয়েন করেছি।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর