আমাদের কন্যারা বাস্তব জীবনের মেয়ে, যাদের স্বপ্নও বাস্তব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

আমাদের কন্যারা বাস্তব জীবনের মেয়ে, যাদের স্বপ্নও বাস্তব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ রবিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জাইমা লিখেছেন, গত কয়েক সপ্তাহে বাংলাদেশের নারী ও তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করা এবং সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। আমি তাদের প্রত‍্যাশা ও স্বপ্নের কথা শুনেছি, তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছি। তাই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের কন্যাদের পক্ষেই কথা বলতে চাই। আমাদের কন্যারা বাস্তব জীবনের মেয়ে, যাদের স্বপ্নও বাস্তব। তাদের চোখে জ্বলে ওঠে সফলতার প্রয়াস, কৌতূহল ও দৃঢ় সংকল্পের আলো।



তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা যদি আমাদের কন্যাদের নিরাপত্তা দিতে এবং তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে বারবার ব্যর্থ হই, তবে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে?

তিনি আরও লিখেছেন, বাংলাদেশে এখনো অনেক মেয়ে এমন পরিবেশে বড় হচ্ছে, যেখানে নিরাপত্তার চেয়ে ভয়ই খুব কাছের বাস্তবতা। ইউনিসেফের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ থেকে ১৪ বছর বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জনই প্রতি মাসে কোনো না কোনো ধরনের সহিংস আচরণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, শিশুধর্ষণ ও যৌননিপীড়নের একাধিক ন্যাক্কারজনক ঘটনা গোটা দেশ ও জাতিকে নাড়িয়ে দিয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে ইউনিসেফ সতর্ক করেছে যে শিশুদের বিশেষ করে কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট উদ্বেগজনকহারে বাড়ছে। কিশোরী মেয়েরাও সহিংসতার ঝুঁকির বাইরে নয়। ইউনিসেফের তথ্য অনুযায়ী, কিশোরী মেয়েদের ২৮ শতাংশ গত ১২ মাসে শারীরিক বা মানসিক সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছে।

কন্যা শিশুদের বাল্যবিয়ে নিয়ে জাইমা লিখেছেন, আমাদের আরও একটি কঠিন বাস্তবতা হলো বাল‍্যবিয়ে। বাংলাদেশে এখনো ২০- ২৪ বছর বয়সী নারীদের প্রায় অর্ধেকের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। বাল‍্যবিয়ে কোনো মেয়েকে সুরক্ষা দেয় না। বরং এটি তার শৈশব কেড়ে নেয়, তার শিক্ষা ব্যাহত করে এবং স্বাবলম্বী হয়ে স্বাধীনভাবে জীবন গড়ার পথকে আরও কঠিন করে তোলে।



পোস্টের শেষে তিনি বলেন, এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো- ‘রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস্‌’, তবে এটি কেবল একটি স্লোগান হয়ে থাকলে চলবে না। এর বাস্তব অর্থ থাকতে হবে। এর অর্থ হতে হবে আমাদের কন‍্যাদের পরিপূর্ণ সুরক্ষা দেয়া, বাল‍্যবিয়ে বন্ধ করা এবং দেশের প্রতিটি কন্যার জন্য এমন সুযোগ তৈরি করা যাতে তারা শিক্ষা নিতে পারে, বিকশিত হতে পারে, কাজ করতে পারে এবং নেতৃত্ব দিতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে এদেশের কন্যারাই- সেই লক্ষ্যে আমাদের কন‍্যারা যেন স্বপ্ন দেখার নিরাপত্তা পায়, জ্ঞানার্জন ও নেতৃত্বের নিরাপত্তা পায় এবং নিজের স্বকীয়তায় জীবন গড়ার ক্ষমতাপ্রাপ্ত হয় তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন