ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন ওই গোডাউনে আগুন লাগে।
আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে তীব্র যানজটে আটকে পড়ায় আগুন লাগার দীর্ঘ সময় পরও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এতে আশেপাশের বাড়িঘরে আগুন লাগার শঙ্কা তৈরি হয়। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
