জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনামুল হককে (৩২) গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে আসামিপক্ষের লোকজনের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মেলান্দহ উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনামুলকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে এনামুলকে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় এনামুলের স্ত্রী, ছেলে, মা ও বোনসহ কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন এবং দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, অভিযানের সময় হাতকড়া পরা অবস্থায় রবিউল নামের আরও এক আসামি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
