কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ এলাকার ইকবালের ছেলে মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া রেজুখাল এলাকার রেজু ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধু আরমানের সঙ্গে ইনানী সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ইনানী পুলিশ ফাঁড়ি ও বিচকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমুদ্রে নামার ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
