ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত আনোয়ারের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

Malaysia news
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি একে বৈশ্বিক শান্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এই আলোচনা যেন স্থায়ী সমাধানে পৌঁছায় সে আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই শান্তি প্রক্রিয়া শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং বিশেষ করে ফিলিস্তিনে চলমান “গণহত্যা” বন্ধে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করা হচ্ছে।

জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শেষ মুহূর্তে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের প্রস্তাবিত ১০ দফা শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এটি যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তাঁর মতে, এই প্রস্তাব আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আশাব্যঞ্জক।

তিনি সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পাকিস্তান এবং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর প্রশংসা করেন। আনোয়ার বলেন, সব পক্ষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাকিস্তানের আগ্রহ মুসলিম ঐক্য ও আন্তর্জাতিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

টেকসই শান্তির জন্য আলোচনাকে বর্তমান সংকটের বাইরে বিস্তৃত করার ওপরও জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ১০ দফা পরিকল্পনাকে ইরান ছাড়াও ইরাক, লেবানন ও ইয়েমেনকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত শান্তিচুক্তিতে রূপান্তর করা জরুরি।

একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের ওপর চলমান দখলদারিত্ব ও সহিংসতা বন্ধের আহ্বান জানান, বিশেষ করে গাজায় চলমান পরিস্থিতির অবসান নিশ্চিত করার কথা বলেন।

শান্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে আনোয়ার বলেন, প্রতারণা বা দ্বিমুখী আচরণের আড়ালে পরিচালিত হলে কোনো শান্তি আলোচনা সফল হতে পারে না।

তিনি আরও জানান, এই শান্তি প্রক্রিয়ায় মালয়েশিয়া সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে এবং এ বিষয়ে চলমান প্রচেষ্টাকে সমর্থন করবে।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটাই যেন স্থায়ী শান্তির পথে একটি মোড় ঘোরানোর মুহূর্ত হয়। বিশ্ব এর চেয়ে কম কিছু মেনে নিতে পারে না।” এদিকে, আজ সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ঘোষণা দেন, তিনি পূর্বে সতর্ক করা সম্ভাব্য হামলা থেকে সরে এসেছেন, যা হলে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন