ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: ত্রাণমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

নির্বাচনী অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী হওয়ার পর এটিই ছিল তার নিজ জেলায় প্রথম সফর।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিসভায় একাধিক বৈঠক হয়েছে। এরই ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবেও উল্লেখ করেন ত্রাণমন্ত্রী।

উন্নয়ন কর্মসূচির বিষয়ে আসাদুল হাবিব দুলু জানান, খাল খনন ও সংস্কারে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ পরিকল্পনার আওতায় চলতি বছর ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর