উখিয়ায় সেহরি খাওয়ার সময় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজের বসতঘরে সেহরি খাচ্ছিলেন লালা বিবি। এ সময় দুর্বৃত্তরা প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন, শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটতে পারে। এছাড়া পূর্বে জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে ঘটনার সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহমেদ জানান, ঘটনার পর পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
