এআইপি সম্মাননা পেলেন নাটোরের কৃষি উদ্যোক্তা সেলিম রেজা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১১:৩৪ এএম

এগ্রিকালচার ইম্পরট্যান্ট পারসন ( এ আই পি) সম্মাননা পেলেন নাটোরের কৃষি উদ্যোক্তা মোঃ সেলিম রেজা।

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারা দেশ থেকে ১৩ জনকে কৃষি মন্ত্রণালয় থেকে প্রথমবারের মতো ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’ সম্মাননা দেওয়া হলো।

বুধবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এরা হলেন কৃষি উদ্ভাবন বিভাগে (জাতপ্রযুক্তি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লুৎফুল হাসান (বাউধান-৩ এর জাত উদ্ভাবন), এ আর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক (২টি বীজ আলুসহ মোট ১০টি সবজির জাত উদ্ভাবন ও বাজারজাতকরণ), ফিউচার অর্গানিক ফার্মের সৈয়দ আব্দুল মতিন (মেহগনি ফলের বীজ থেকে তেল তৈরি যা জৈব বালাইনাশক প্রস্তুত) আলীম ইন্ডাস্ট্রিস লিমিটেডের আলীমুছ ছাদাত চৌধুরী (আলীম পাওয়ার ট্রিলার উদ্ভাবন)।
কৃষি উৎপাদন, বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বিভাগে ৬ জন।

এরা হলেন মো. সেলিম রেজা, দৃষ্টান্ত অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি, ডাল সড়ক, নাটোর সদর, নাটোর। মো.মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, চামেশ্বরী, চৌধুরীহাট, ঠাকুরগাঁও। মো. মাহফুজুর রহমান, এশা ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ফার্ম, ঝালকাঠি সদর, ঝালকাঠি। মো.বদরুল হায়দার বেপারী, প্রোপাইটার,জাগো কেঁচো সার উৎপাদন খামার, চৌঠাইমহল, নাজিরপুর, পিরোজপুর। মো. শাহবাজ হোসেন খান, নুর জাহান গার্ডেন, শৌলা কালাইয়া, বাউফল, পটুয়াখালী। মো. সামছুদ্দিন (কালু), বিছমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র ও খামার, নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন, নাঙ্গলকোট, কুমিল্লা।
স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন বিভাগে জাহাঙ্গীর আলম শাহ, শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর, কালীগ্রাম, মান্দা, নওগাঁ।

বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্ত বিভাগে নির্বাচিত হয়েছেন দু’জন। এরা হলেন-মোছা. নুরুন্নাহার বেগম, নুরুন্নাহার কৃষি খামার, ঈশ্বরদী, পাবনা এবং মো. শাহজাহান আলী বাদশা, মা-মণি কৃষি খামার, ঈশ্বরদী, পাবনা।

এআইপি সম্মাননা প্রাপ্তগণ সিআইপিদের মতো সুযোগসুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় হতে একটি প্রশংসাপত্র, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, বিমান, রেল, সড়ক ও জলপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার, ব্যবসা-দাপ্তরিক কাজে বিদেশে ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রাপ্তির নিমিত্ত সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে Letter of Introduction ইস্যু করবে।
এছাড়াও নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন এবং বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধাও পাবেন।

(এ আই পি) সম্মাননা প্রাপ্ত নাটোরের কৃষি উদ্যোক্তা সেলিম রেজা @দৈনিক বাংলাদেশ চিত্র জীবনকে বলেন,
“এআইপি সম্মাননা প্রদান কৃষি বান্ধন সরকারের এক মহৎ উদ্দ্যোগ। তবে ১৩ কোটি কৃষকের দেশে সব পেশার মানুষ মহান সংসদে থাকলেও কৃষির ব্যাপক অনিয়ম-দুর্নীতির বিষয় ও কৃষকের পক্ষে কথা বলার মানুষ নেই। এ জন্য আমি মনে করি মহান সংসদে কৃষকদের জন্য কিছু হলেও দলীয়ভাবে মনোনয়ন ও সংসদে সংরক্ষিত আসন রাখা উচিত।”

এদিকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, “কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনের কার্যক্রম পরিচালনা করা হবে। সেদিক থেকে কৃষিকে লাভজনক ও ধারাবাহিক করার উদ্যোগ পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মাননা কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। একদিকে ব্যবসায়ী এবং গুণি ব্যক্তিরা যেমন তাদের মেধা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি দেশকে এগিয়ে নিতে এই কৃষকদের অবদানও অনেক। তাদের সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত বোধ করছি।”

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর