এই ভাই স্লোগান বন্ধ, বহু বছর পর নানা বাড়ি আসছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

বহু বছর পর নানা বাড়িতে গিয়ে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে ফেনী পৌঁছান তিনি। 

প্রধানমন্ত্রী বলেছেন, আজকে বহু বছর পরে নানা বাড়িতে আসলাম। সবচেয়ে প্রথম আমি এখানে ১৯৯১ সালে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এসেছিলাম। এখন শুধু নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, কাজও করতে হবে।

এ সময় তিনি বলেন, এই ভাই দাঁড়াও না, স্লোগানটা দিও না। একটু কথা বলি। বহু বছর পর নানা বাড়ি এসেছি- একটু কথা বলতে দাও।

এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের স্মৃতি রয়েছে। এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর