ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর সংশ্লিষ্ট ধারার আওতায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপ্রাপ্ত প্রশাসক ডিএনসিসি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তিনি এ দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের স্থলাভিষিক্ত হলেন সুরাইয়া আখতার জাহান।
