অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আর সেই অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না। আমরা খাল খননের রাজনীতি করতে চাই।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মডেল খাল খননকাজ উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে সেটাই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার ও রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা আবার সেই অধিকার কেড়ে নিতে চায়।’
তিনি বলেন, ‘এখন সময় এসেছে, তাদের আবার রাজনীতি করার অনুমতি দেবেন কি না, ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করতে দেবেন কি না, তা সিদ্ধান্ত নেওয়ার। যদি তা না চান, তাহলে ২০২৪ সালের চেতনায় যেভাবে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেভাবেই আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’
বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্যাতন, গুম-খুন ও সম্পত্তি লুটের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুট করেনি? মানুষকে নির্যাতন করেনি? মানুষকে গুম-খুন করেনি? পালিয়ে যাওয়ার পরও তারা আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারা এবং পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ভোট দখলের রাজনীতিতে যেতে চায় না। ক্ষমতা ধরে রাখার জন্য শেষ সময়ে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। ৬০ জন ছোট ছোট শিশুকে হত্যা করেছে।’
তারেক রহমান বলেন, ‘যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো বক্তব্য থাকে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায় এবং দেশের অগ্রগতি চায়।’
দেশের উন্নয়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই সব রাজনৈতিক দলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না। আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই, দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে উঠুক, উৎপাদন বাড়ুক। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে, দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই, আমাদের মা-বোনেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। আমরা সেই রাজনীতি করতে চাই, অতীতের সেই রাজনীতি আর চাই না।’
লালমনিরহাটের মানুষের গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, ‘লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। আগামী দিনেও মানুষ একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে।’
সমাবেশে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সন্ত্রাসের বিরুদ্ধে জবাব, এনাফ ইজ এনাফ। হত্যার রাজনীতি, অপরাজনীতির বিরুদ্ধে জবাব-এনাফ ইজ এনাফ। আসুন, এই তাঁবেদারি অপশক্তির বিরুদ্ধে একটাই জবাব দিই- এনাফ ইজ এনাফ।’
তিনি আরও বলেন, ‘সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। শক্তভাবে জবাব দিই, যাতে ভবিষ্যতে তারা জনগণের ভাগ্য ও বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি হবে মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনীতি। আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আসুন, সবাই মিলে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য নিজেদের আবারও ২০২৪ সালের মতো প্রস্তুত হই।’
