ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সালটিয়া বাজারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে বাজারের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সালটিয়া বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘদিন ধরে কিছু লোক অবৈধভাবে খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। এছাড়া বাজারের উন্মুক্ত জায়গা ও চারপাশের দোকানের একাংশ অবৈধভাবে সম্প্রসারণ করা হয়েছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। তিনি জানান, উদ্ধারকৃত এই জমি এখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাটের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এটি বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে বড় ভূমিকা রাখবে।
অভিযানের বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই সরকারি জমিটি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযান চলাকালে গফরগাঁও থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
