এভারকেয়ার–সংসদ ভবন–জিয়া উদ্যানে বিজিবি মোতায়েন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রেস সচিব সাংবাদিকদের জানান, জানাজা ও দাফন কীভাবে সম্পন্ন হবে এবং নিরাপত্তা প্রস্তুতি কেমন থাকবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

প্রেস সচিব আরও বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনে আনা হবে। এ সময় পুরো রুটজুড়ে সড়কের দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে এবং জানাজা ও দাফনও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

তিনি জানান, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের দূতাবাসসমূহ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। জানাজা ও দাফনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন