ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেছেন, এলপিজির দাম বাড়ানো এবং সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার না পাওয়ার ঘটনায় সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
শাহ ইফতেখার তারিক বলেন, ‘সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে ২২৩ টাকা বাড়িয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। শহরের লাখো মানুষ রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। তাদের স্বার্থ বিবেচনা না করে বিশ্ববাজারের দোহাই দিয়ে সরকার দাম বাড়িয়েই চলছে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার প্রতি মাসেই এলপিজির দাম বাড়াচ্ছে। এরপরও সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সার্বিক পরিস্থিতিতে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।’
এলপিজির বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে শাহ ইফতেখার তারিক বলেন, ‘বিশ্ববাজারের দোহাই দিয়ে মানুষের জীবন দুর্বিষহ করা যাবে না। রাষ্ট্রকে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিতে হয়। তাই এমন খাতে ভর্তুকি দেওয়া উচিত, যেখানে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।’
