ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ  

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিচার শুরুর আদেশ হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে।

এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অপর ৬ আসামি হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  

সাত আসামির সবাই পলাতক এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিচারকালে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানি করবেন বলে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত রয়েছে। গত ১৮ জানুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়। গত ১৮ ডিসেম্বর সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক এ আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। তারা হাজির না হওয়ায় গত ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনাল আদেশে পলাতক আসামিদের ৮ জানুয়ারির মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বিধান অনুযায়ী, পলাতকদের হাজির হতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্দেশের পরেও কোনো আসামি হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে।   

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর