ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সোমবার উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানান।

তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এই বিচার সম্পন্ন করা হবে।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর