কক্সবাজারে দেড় হাজার রোহিঙ্গা আটক, অভিযান চলছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকায় এই অভিযান শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন যৌথবাহিনীর একজন কর্মকর্তা।

সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। তারা জানায় অভিযান এখনো অব্যাহত আছে ।  যৌথ বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল।

অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর সংশ্লিষ্টরা। এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন