কক্সবাজার আদালত প্রাঙ্গনে বিএনপি নেতাকে লক্ষ্য করে হামলা, সহযোগী গুলিবিদ্ধ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

কক্সবাজার আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে গুলিতে মঈন উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। দুই জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রাজজ আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।

আটক জিয়াউল হক (২৭) ঈদগাঁও থানার কালিরছড়া এলাকার বাসিন্দা। ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

গুলিবিদ্ধ মঈনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার সদর হাসপাতাল সূত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামিদের সঙ্গে হাজিরা শেষে বিএনপি নেতা লিয়াকত আলী জেলা ও দায়রা জজ আদালতে নিচে নামেন। গাড়িতে উঠার সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এ সময় অস্ত্রসহ একজনকে আটক করে গণধোলাই দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করেছে লিয়াকতের সহযোগীরা।

এ গহটনায় কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলি জানান, গুলির ঘটনায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আব্দু শুক্কুর ও মো. রুবেল নামে আরও দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোলাগুলির সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর