কপাল পুড়ল সেই ছাত্রদল নেতার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ এএম

ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর আলোচনায় এসেছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। এর এক দিন পর রোববার বিলুপ্ত করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এ দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শাহজাহান খানের ছেলের পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে শাহজাহান খানের কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই কথোপকথনে ছাত্রদলে তার পদ, বিবাহিত হওয়া ও সন্তানের বিষয়ে প্রশ্ন করা হলে শাহজাহান খান বলেন, ‘মানুষ কি বিয়েশাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?’

সন্তান থাকার বিষয়টি অস্বীকার করার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বাচ্চা থাকতে পারে, আমি কি সেটা অস্বীকার করব? এখনো পর্যন্ত দল আমাকে ছাত্রদলে রেখেছে। দল আমাকে যোগ্য মনে করেছে বলেই রেখেছে।’

কমিটি গঠনের সময় দলের নেতারা তার পারিবারিক অবস্থা সম্পর্কে জানতেন বলেও দাবি করেন শাহজাহান খান। তার মতে, কমিটি দেওয়ার সময় সবকিছু জেনেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দল যখন মনে করবে, তখন তাকে দায়িত্ব দেবে, আবার যখন মনে করবে অন্য কাউকে দায়িত্ব দেবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর