কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০২:২৮ এএম

জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে অংশ নেবেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার এবং জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে জিওকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গ্রিনহাউস গ্যাস নিয়ে গবেষণার পাশাপাশি যুক্তরাজ্যে পরিবেশবিষয়ক আইন পেশায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

সম্মেলনে তিনি জলবায়ু ন্যায্যতা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং অভিযোজনের বিষয়গুলো তুলে ধরবেন। এ ছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং জামায়াতের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরাই এ অংশগ্রহণের মূল লক্ষ্য।

জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছে দলটি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন