সরকার নিজের ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য সংবিধান সংশোধনে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশ ও জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। দলীয়করণ ব্যতীত এই সরকারের আর কোনো সফলতা নেই। সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের সামনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের খাজনা- ট্যাক্সের টাকা সরকারের পকেটে কিন্তু হাম ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে জামায়াতে ইসলামী।’
সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান কি হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই!’
গোলাম পরওয়ার বলেন, ‘সরকার যে কোনো সমস্যাকে আগের সরকারের রেখে যাওয়া সমস্যা বলে দায়মুক্ত হতে চায়। অথচ আগের কোনো সরকার পরের সরকারের জন্য সমস্যা সমাধান করে দিয়ে যায় না! আগের সরকার সমস্যা সমাধান করতে না পারার কারণেই মানুষ সরকার পরিবর্তন করে। কিন্তু পরিবর্তনের পরও যদি নতুন সরকার সমস্যা সমাধান করতে না পারে তবে জনগণ সেই সরকারকেও পরিবর্তনে বাধ্য হবে।’
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ‘সরকারের ব্যর্থতায় ডেঙ্গু ও হামের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্য খাতে দলীয়করণের মাধ্যমে অদক্ষ, অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে। যার কারণে স্বাস্থ্য খাত নিজেই দূর আরোগ্য ব্যাধিতে আক্রান্ত। ডেঙ্গু প্রতিরোধের জন্য যেই অর্থের বরাদ্দ ও পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন তার কোনোটিই সরকারের নেই।’
সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন অভিযান পরিচালিত হয়। এছাড়াও স্থানীয়দের মাঝে মশারিসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
