কাতার আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতিপত্র হস্তান্তর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দোহায় বৈঠক করেছেন। 

সোমবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বরাবর একটি সংহতিপত্র হস্তান্তর করেন। বিশেষ দূত হুমায়ূন কবির প্রথমে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আমিরের কাছে পৌঁছানোর জন্য ওই সংহতিপত্র তাঁর নিকট হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংহতিপত্রে উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে কাতারে বসবাসরত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাতার সরকারের নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পত্রে কাতারের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে থাকবে-এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার প্রয়োজনে লন্ডনে যাতায়াতের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতার আমিরের মহানুভবতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, সংলাপ এবং মানবিক কূটনীতিতে কাতারের ভূমিকার প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশ-কাতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।

সফরকালে হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার এই সফর দুই দেশের অংশীদারিত্বকে আরও গতিশীল করবে। এই মিশনের অংশ হিসেবে হুমায়ূন কবিরের আরও কয়েকটি উপসাগরীয় দেশ সফরের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন