কামাল উদ্দিন সবুজকে দেশ রূপান্তরে বিদায় সংবর্ধনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হওয়ায় কামাল উদ্দিন সবুজকে অভিনন্দন ও বিদায় সংবর্ধনা জানিয়েছে দেশ রূপান্তর পরিবার। মঙ্গলবার (২১ এপ্রিল)  দুপুরে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে দেশ রূপান্তর কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কামাল উদ্দিন সবুজ দেশ রূপান্তরের প্রধান সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিদায়ী এই আয়োজনে দেশ রূপান্তরের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, সাবেক ফুটবলার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার ও নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী।

সহকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময় ও আবেগঘন। অনুষ্ঠান পরিচালনা করেন নগর সম্পাদক সরোয়ার আলম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সহকর্মীরা কামাল উদ্দিন সবুজের কর্মদক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করে বিদায়ী শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তার হাতে উপহার তুলে দেওয়া হয়। 
সবাইকে ধন্যবাদ জানিয়ে সব সময় দেশ রূপান্তরের পাশে থাকার অঙ্গীকার করে কামাল উদ্দিন সবুজ বলেন, ‘আমি আগেও যেমন আপনাদের সঙ্গে ছিলাম। এখনো আছি। সব সময় আপনাদের সঙ্গে থাকব। আমি চাই দেশ রূপান্তর দেশের এক নম্বর পত্রিকা হোক।’  

দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি এই প্রতিষ্ঠানে তাকে অল্প দিন পেয়েছি। এখানে যোগদানের পর সব সময় তিনি সহযোগিতা করেছেন। আমি সব সময়ই তার সহযোগিতা চাইব। তিনি আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।

সাবেক ফুটবলার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার বলেন, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় নিয়োগ পাওয়ায় আমরা সত্যিই খুব আনন্দিত। আবার কষ্টও লাগছে। আনন্দিত এই  অর্থে আমাদের পত্রিকার নাম হচ্ছে। সবাই বলছে দেশ রূপান্তরের প্রধান সম্পাদক বাসসের প্রধান সম্পাদক হয়েছেন। কষ্টের কারণ হচ্ছে দীর্ঘ সময় আমরা এক সঙ্গে কাজ করেছি। কিন্তু এখন থেকে আর আগের মতো তাকে পাব না সে জন্য। 

নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, বাসস সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অনেক কিছু দেখা হয়। সরকার যার ওপর আস্থা রাখতে পারবে বলে মনে করে তাকেই নিয়োগ দেওয়া হয়। সেদিক থেকে সবুজ ভাইয়ের ওপর সরকার যে আস্থা রেখেছে, তা সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর