কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

এক সময় ভিভিআইপিদের যাতায়াতে সড়ক বন্ধ, দীর্ঘক্ষণ যান চলাচল স্থগিত এবং সাধারণ মানুষের ভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র। তবে সাম্প্রতিক সময়ে সেই দৃশ্যপটে পরিবর্তন এসেছে। এখন বিশেষ প্রোটোকল ছাড়াই রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা সড়কে চলাচল করছেন—এমনই এক নজির দেখা গেল বুধবার (২৫ ফেব্রুয়ারি)।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা জানাতে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পথে কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহর যানজটের মুখে পড়ে। সিগন্যাল লাল থাকায় নির্ধারিত নিয়ম মেনে রাষ্ট্রপতির গাড়িবহর সেখানে থেমে যায়। এ সময় তার পেছনে থাকা অন্যান্য গাড়ি ও সাধারণ যানবাহনও সিগন্যালের কারণে অপেক্ষা করে।

কিছুক্ষণ পর সিগন্যাল সবুজ হলে স্বাভাবিক নিয়মেই আবার চলতে শুরু করে রাষ্ট্রপতির গাড়িবহর। পুরো সময়টিতে সড়কে অতিরিক্ত কোনো বিধিনিষেধ বা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয়নি।

এ ধরনের দৃশ্য এর আগেও দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরও সম্প্রতি রাজধানীর সড়কে যানজটে আটকে থাকতে দেখা যায়। এমনকি সাধারণ মানুষের সঙ্গে তাকে ছবি তুলতেও দেখা গেছে।

দুই বছর আগেও এ ধরনের পরিস্থিতি ছিল প্রায় অকল্পনীয়। তখন প্রধানমন্ত্রী বা ভিভিআইপি চলাচলের সময় পুরো সড়ক ফাঁকা রাখা হতো। শুধু যানবাহন নয়, অনেক ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলও সীমিত করা হতো। তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের মহাপরিদর্শককে অপ্রয়োজনীয় প্রোটোকল পরিহারের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সেই নির্দেশনার ধারাবাহিকতায় এখন রাষ্ট্রপতির গাড়িবহরও সড়কে চলাচল করছে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যেই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর