কালবেলায় সংবাদ প্রকাশ: বিক্রি হওয়া ১১ মাসের শিশু ফিরল মায়ের কোলে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১১ মাস বয়সী শিশু ফাতেমা আক্তার জান্নাত। মাদকের অর্থ জোগাতে বাবা হামিদুল মিয়া নিজেই নিজের সন্তানকে ৩১ হাজার টাকায় বিক্রি করেছিলেন। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর অবশেষে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত বাবাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযানে প্রথমে সাদুল্লাপুর উপজেলার সারবাজার এলাকা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার পর হামিদুলকে আটক করা হয়। পুলিশ তাকে ঘটনার প্রধান অভিযুক্ত বলে উল্লেখ করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় বাসের হেলপার মজিদকে। এরপর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকা থেকে আটক করা হয় মোছা. মোরশেদাকে। সবশেষে মদনের পাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ জুলাই মাসে হামিদুল মিয়া ও রুমান আক্তারের বিয়ে হয়। তবে দুই থেকে তিন মাস সংসার ভালোভাবে চললেও প্রায় সময় মাদকসেবন করে রুমানাকে মারধর করতেন তার স্বামী। নির্যাতন সহ্য করেও রুমানা সংসার চালিয়ে যাচ্ছিলেন। তবে সন্তান হওয়ার কিছুদিন পর নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রুমানা তার বাবার বাড়িতে সন্তানটি নিয়ে চলে আসেন।

শিশুটির মা রুমানা আক্তারের মতে, গত ১৭ জুলাই বিকেলে হামিদুল গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন। ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে যান, এরপর আর ফেরেননি। ঘটনার দুই দিন পর ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার শর্তে ১০ হাজার টাকা দাবি করেন হামিদুল। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন। পরে জানা যায়, শিশুটিকে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সন্তান নিখোঁজ থাকার সময় রুমানা থানা ও আদালতের দ্বারস্থ হন। তখন তিনি বলেছিলেন, আমি কোনো কিছু চাই না, শুধু আমার সন্তানকে ফিরে চাই। আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে- কিছুই জানি না।

ডিবি পুলিশের অভিযানে শিশুটি উদ্ধার হওয়ায় মায়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

মা রুমানা সন্তানটিকে ফিরে পেয়ে বলেন, কালবেলাতে সংবাদ প্রচার ও পুলিশের সহযোগিতায় আমার সন্তানটি পেয়েছি। ধন্যবাদ সবাইকে, আমি অনেক খুশি এখন। আর কিছু লাগবে না আমার।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোত্তালিব সরকার বলেন, কালবেলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রচারের পর পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। আমরা সফল, মায়ের কোলে সন্তানটি ফিরিয়ে দিতে পেরেছি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন