কাল জানা যাবে শবে বরাত কবে?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

শাবান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে পবিত্র শবে বরাত কবে পালিত হবে সে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি)।

আজ রবিবার (১৮ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ অনুসন্ধান করা হলেও কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিদ্যার হিসাবে রবিবার রাত ১১টা ৫২ মিনিটে (সংযুক্ত আরব আমিরাত সময়) নতুন চাঁদের উঠলেও এটি সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে আজ কোনো দেশেই শাবান মাসের চাঁদ দেখা সম্ভব হবে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেন, সোমবার শাবানের চাঁদ খালি চোখেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়াসহ বেশ কয়েকটি দেশে টেলিস্কোপের মাধ্যমেও চাঁদ দেখা যেতে পারে।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আজ চাঁদ দেখা না গেলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে হিজরি ১৪৪৭ সনের শাবান মাস শুরু হবে।

শাবান মাসের ১৫তম রাতে পালিত হয় পবিত্র শবে বরাত। সে হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শবে বরাত পালিত হতে পারে ৩ ফেব্রুয়ারি রাতে। বাংলাদেশে যদি সোমবার শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবে বরাত পালিত হবে। তবে সোমবার চাঁদ দেখা না গেলে বাংলাদেশে শবে বরাত পালিত হবে ৪ ফেব্রুয়ারি রাতে।

জ্যোতির্বিদ্যার অনুমান অনুসারে, ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন