কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মিছিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ এএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় তারা ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম’-সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে কয়েকজনকে কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা দাবি করেন, নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে প্রকাশ্যে মিছিল করলেন, তা খতিয়ে দেখা উচিত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আহমেদ বলেন, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা কীভাবে কার্যালয়ে অবস্থান করেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর