বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫ শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) নন্দীগ্রাম থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই কৃষক। এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামে গাছ কেটে ফেলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি বছর পত্তনি নেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭/১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা কিনতে আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত লাখ টাকা খরচ হয়েছে।
তিনি বলেন, মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিল। আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিল। ভালো ফলন হলে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মরিচ বিক্রি করার আশা করেছিলেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে সব মরিচগাছ কেটে ফেলেছে।
তিনি জানান, শুক্রবার সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পান আনোয়ার হোসেন। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় জিডি করেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা বলেন, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
