বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
আজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি পরিষ্কার করেন। তিনি লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।
বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।
এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসির সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।
