ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে দেশজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিও রয়েছে।
ইশতেহারটিকে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ৯টি মূল প্রতিশ্রুতিতে ভাগ করা হয়েছে। এতে মূলভাবে আলোচিত হয়েছে প্রশাসন ও জনপ্রশাসন সংস্কার।
ইশতেহারে জনপ্রশাসন অধ্যায়ে বলা হয়েছে, ‘যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।’
বিএনপির নির্বাচনী ইশতেহার বলছে, বিএনপি ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ বিনির্মাণ করবে। এর বাইরে ‘যথাসময়ে’ নতুন পে স্কেল বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পিএসসি গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়নের অঙ্গীকার করেছে দলটি।
