কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পলেস্তারা ধসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বামনের হাট এলাকার আইরিন বেগমকে দেখতে তার স্বামী ও সন্তান হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় উঠতেই হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সেখানে থাকা শিশু ও তার বাবা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বেশিরভাগ কক্ষেই ফাটল দেখা দিয়েছে, যা ভবনটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম বলেন, দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
