খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসে পৌঁছেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতের কিছু আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকও ঢাকায় আসার কথা রয়েছে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ মঙ্গলবার ঢাকায় আগমনের পরিকল্পনা করেছেন।

এর আগে, ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর