খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়েছেন দেশের তিন বাহিনীর প্রধান।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

জানাজা শেষে তিন বাহিনীর প্রধান মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন।

এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদগেট এবং ফার্মগেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

উল্লেখ্য, জানাজা ও দাফনপূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাবের পাশাপাশি আনসার বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। জানাজা শেষে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর