খুলনার রূপসায় একটি মাছের ঘেরের ভেতর থেকে মো. বাপ্পি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে ‘মমিনবাগ বিল’ এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে মাছের ঘেরের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। তবে গুলির ঘটনা আরও আগে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নিহত বাপ্পির বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তথ্যে তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন বলেও জানা গেছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
