বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)।
চলমান করপোরেট গভর্ন্যান্স সংকট, নির্বাচন নিয়ে জটিলতা এবং নেতৃত্বের শূন্যতার মধ্যে গঠনের মাত্র ছয় দিনের মাথায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত করা হয়েছে বেসিসের নবগঠিত সহায়ক কমিটির যাবতীয় কার্যক্রম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে মাত্র ছয় দিনের মাথায় মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করা হলো এই কমিটির কার্যক্রম।
বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনটিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর এক স্মারকের গঠিত সহায়ক কমিটির কার্যক্রম সরকারের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। এই নির্দেশনার ফলে পরের ঘোষণা না দেওয়া পর্যন্ত সহায়ক কমিটি কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
প্রজ্ঞাপনে হঠাৎ কার্যক্রম স্থগিত করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রজ্ঞাপনের অনুলিপি বেসিসের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব, বেসিসের হেড অব সার্ভিস জান্নাতুল ফেরদৌসসহ বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারক কার্যালয়গুলোতে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে।
ভিন্ন একটি সুত্র বলছে, গত ২২ সেপ্টেম্বর বেসিসের সহায়ক কমিটি ঘোষণার পর থেকেই এর গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বা সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিদের রাখা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে।
এ নিয়ে কমিটি বাতিলের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনও করা হয়। এর পরিপ্রেক্ষিতেই সরকার কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
বেসিসের দুটি নির্বাচনী তফসিল বাতিল, প্রাথমিক সহায়ক কমিটির পদত্যাগ এবং দীর্ঘ প্রশাসনিক অচলাবস্থার পর ২২ সেপ্টেম্বর প্রশাসককে নতুন নির্বাচন আয়োজন ও সংগঠনের দৈনন্দিন কার্যক্রমে সহায়তার জন্য সহায়ক কমিটি গঠন করা হয়েছিল। গঠনের ছয় দিনের মাথায় এবার কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
