কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এ সময় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন এমপি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১ মার্চ) দিবাগত গভীর রাতে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও বেচাকেনা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিজিবির সদস্যরা অংশ নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
স্থানীয়দের মতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
